শিরোনাম

নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাখান হামাসের

সিটিজেন ডেস্ক
নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাখান হামাসের
হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবেইদা। ছবি: আল জাজিরা

হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে জানিয়েছেন, দলটির নিরস্ত্রীকরণের দাবি জানানো ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যা অব্যাহত রাখার একটি অপচেষ্টা মাত্র।

রবিবার (৫ এপ্রিল) এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপ ইসরায়েল পুরোপুরি বাস্তবায়ন করার আগে অস্ত্র ত্যাগের বিষয়ে কোনো আলোচনা গ্রহণ করা হবে না।

ওবাইদা স্পষ্টভাবে জানান, গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহার এবং নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। এ দাবিকে তিনি অত্যন্ত বিপজ্জনক এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য, গত অক্টোবর থেকে কার্যকর হওয়া তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় ৭০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে নিহতের মোট সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে।

ওবাইদা বলেন, ইসরায়েলই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। ভাষণে তিনি ইরান ও লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইসরায়েলের ভূমিকারও সমালোচনা করেন তিনি। একইসঙ্গে হিজবুল্লাহ, হুথি ও ইরানের প্রতিরোধের প্রশংসা করেন হামাসের এ মুখপাত্র। এছাড়া ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলি পার্লামেন্টে পাস হওয়া মৃত্যুদণ্ড আইনের নিন্দা জানিয়ে তিনি পশ্চিম তীরের জনগণকে বন্দিমুক্তির আন্দোলনে নামার আহ্বান জানান।

সূত্র: আল জাজিরা

/এমএকে/