শিরোনাম

সরকারের প্রথম একনেক বৈঠক আজ

সিটিজেন ডেস্ক
সরকারের প্রথম একনেক বৈঠক আজ
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বসছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। আজ সোমবার (৬ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।

এ বৈঠকে মোট ১১ হাজার ৫৭৮ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে নতুন রয়েছে ৯টি। মোট ব্যয়ের মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৭০৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয় করবে, বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ২ হাজার ৮৫৭ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ১৫ কোটি ৫৯ লাখ টাকা।

প্রকল্পের ধরন অনুযায়ী রয়েছে ৮টি নতুন, ৩টি সংশোধিত এবং ৬টি মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্প সরাসরি বৈঠকে উপস্থাপন করা হবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এস এম শাকিল আখতার জানান, এটি চলতি অর্থবছরের নবম একনেক সভা। পূর্বনির্ধারিত স্থান ছিল পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষ, তবে জ্বালানি সাশ্রয়ের কারণে শেষ মুহূর্তে সভাস্থল পরিবর্তন করে সচিবালয়ের মন্ত্রিসভার কক্ষে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মোট ১৮টি প্রকল্প অনুমোদনের জন্য বৈঠকে উপস্থাপন করা হবে।

উত্থাপিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ছয়টি প্রকল্প উপস্থাপন করেছে। যার মধ্যে রয়েছে সামাজিক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, চর উন্নয়ন, সিটি করপোরেশন অবকাঠামো উন্নয়ন এবং জরুরি পানি সরবরাহসংক্রান্ত উদ্যোগ।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন সংক্রান্ত একটি সংশোধিত প্রকল্প উপস্থাপন করছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প উপস্থাপন করেছে। সেগুলো হলো– শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়ন এবং মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং আধুনিকীকরণ প্রকল্প। পাশাপাশি গোপালগঞ্জে ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পও উপস্থাপন করা হয়েছে।

এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিবালয়ে ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সৈনিকদের আবাসন সুবিধা বৃদ্ধির জন্য ব্যারাক কমপ্লেক্স নির্মাণ করবে। সড়ক ও সেতু মন্ত্রণালয়ও একাধিক বড় প্রকল্প নিয়েছে। যার মধ্যে রয়েছে মহাসড়ক সম্প্রসারণ, রাঙামাটিতে নতুন সেতু নির্মাণ এবং ময়মনসিংহে জলবায়ু-সহনশীল সেতু নির্মাণ প্রকল্প।

এ বৈঠকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের ৩৩টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হবে। সংশ্লিষ্টদের মতে, নতুন সরকারের প্রথম একনেক বৈঠকের এসব সিদ্ধান্ত দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে এবং বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেবে।

/জেএইচ/