শিরোনাম

জ্বালানি তেলের দাম বাড়ছে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জ্বালানি তেলের দাম বাড়ছে না: তথ্যমন্ত্রী
সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে জ্বালানি খাতে চাপ থাকলেও এ মুহূর্তে দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, দেশে কোনো জ্বালানি সংকট নেই। দাম বাড়ানোর পরিকল্পনাও সরকারের নেই। একই সঙ্গে তিনি জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার পরামর্শ দেন।

পোশাক খাত প্রসঙ্গে তিনি বলেন, ঈদের আগেই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। এ জন্য সরকারের পক্ষ থেকে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

দেশের বিমানবন্দরগুলোতে আধুনিক সুবিধা চালুর কথাও জানান তিনি। বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বড় বিমানবন্দরগুলোতে ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। পাশাপাশি শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শিগগিরই চালু হবে।

যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।

স্বাস্থ্য খাতে উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যাদের ৮০ শতাংশ নারী। তাদের জন্য ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সচেষ্ট বলেও জানান তিনি।

এ ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও অবৈধ দোকানপাট উচ্ছেদে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়া হবে। এ-সংক্রান্ত আইন আগামী সংসদ অধিবেশনে পাস করা হবে।

/এসএ/