শিরোনাম

শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল

সিটিজেন ডেস্ক
শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল
শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রবিবার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে বলে দ্য ডেইলি টেলিগ্রাফ সিডনির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর ভিসাও বাতিল করে ক্যানবেরা।

ইহুদি ধর্মাবলম্বীদের নিয়ে তার অতীতে করা কিছু মন্তব্য জনসমক্ষে আসার পর সেগুলোকে ‘জঘন্য’ ও ‘ইহুদি-বিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অভিবাসনবিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট। তিনি জানান, যারা ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্য ছড়িয়ে দেয়, তাদের প্রতি সরকারের কোনো ধরনের সহনশীলতা নেই।

এই সিদ্ধান্তের ফলে শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ায় পুনঃপ্রবেশের পথ কার্যত বন্ধ হয়ে গেছে। পাশাপাশি তাকে স্থায়ীভাবে দেশটিতে নিষিদ্ধ করার বিষয়টি বর্তমানে কর্তৃপক্ষ পর্যালোচনা করছে।

ভিসা বাতিলের সিদ্ধান্তটি এমন সময়ে কার্যকর করা হয়, যখন শায়খ আহমাদুল্লাহ সিডনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন।

আইপিডিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশ নিতে তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তবে উদ্ভূত পরিস্থিতির কারণে তার পূর্বনির্ধারিত সফরটি সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

এর ফলে ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল পার্থে নির্ধারিত তার কোনো অনুষ্ঠানই আর হচ্ছে না।

/জেএইচ/