শিরোনাম

আন্দোলনে সক্রিয় ও যোগ্য নারীরাই মনোনয়ন পাবেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক
আন্দোলনে সক্রিয় ও যোগ্য নারীরাই মনোনয়ন পাবেন: রিজভী
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের বিষয়ে কথা বলেন। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সংসদে কথা বলার সক্ষমতা এবং সমাজে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেবে দল।

শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সংরক্ষিত নারী আসনের জন্য আগ্রহীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। শুক্রবার প্রায় পাঁচ শতাধিক মনোনয়নপত্র বিক্রি হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে আবারও ফরম বিতরণ শুরু হয়েছে এবং রোববার পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়া চলবে। এর মধ্যে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বলেও জানান তিনি।

যথাযথভাবে মনোনয়নপত্র বাছাই করার কথা উল্লেখ করে বিএনপি নেতা জানান, বিএনপি যেভাবে সংসদ সদস্য বাছাই করে, এবারও একই নিয়ম মেনে প্রার্থী নির্বাচন করা হবে। আগ্রহীরা ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেবেন, এরপর দলীয় প্রক্রিয়ায় বাছাই সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, গত ১৬ থেকে ১৭ বছরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য দলকে কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যেতে হয়েছে। তার মতে, এখন যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তা সঠিকভাবে কাজে লাগানো দরকার।

আন্দোলন-সংগ্রামে নারীদের অগ্রনী ভূমিকার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে অনেক নারী সাহসী ভূমিকা পালন করেছেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করে হয়রানির শিকার হয়েছেন, কেউ গ্রেপ্তার ও নিপীড়নের মুখে পড়েছেন। তাই ত্যাগ, দক্ষতা ও সামাজিক সুনাম আছে- এমন নারীদেরই দল অগ্রাধিকার দেবে।

/বিবি/