শিরোনাম

ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে: ফিফা সভাপতি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে: ফিফা সভাপতি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও সামরিক অস্থিরতার মধ্যেও ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সব সংশয় উড়িয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ইরান ইতোমধ্যেই আসন্ন বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে এবং তাদের অংশগ্রহণে কোনো বাধা নেই।

বুধবার (১৫ এপ্রিল) সম্প্রচারক সংস্থা সিএনবিসি আয়োজিত এক অর্থনৈতিক সম্মেলনে ইনফান্তিনো বলেন, ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে এবং ফুটবলীয় ভ্রাতৃত্ব বজায় রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, টুর্নামেন্ট চলাকালীন বৈশ্বিক পরিস্থিতি শান্ত থাকবে, যা আয়োজক ও দর্শকদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের বর্তমান রাজনৈতিক সম্পর্কের টানাপড়েনের কারণে দলটির অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছিল। তবে ফিফা সাফ জানিয়ে দিয়েছে, মাঠের বাইরের রাজনৈতিক মেরুকরণ ক্রীড়া কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। নির্ধারিত সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে নিরাপত্তার দোহাই দিয়ে ইরান তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরের প্রস্তাব দিলেও ফিফা তা গ্রহণ করেনি।

ফিফা প্রধানের মতে, ফুটবল মানুষের মধ্যে ঐক্য ও সংযোগ তৈরির হাতিয়ার, তাই একে কোনোভাবেই রাজনৈতিক বিভাজনের অংশ করা উচিত নয়। বর্তমানে সাময়িক যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় ইরানও টুর্নামেন্টে অংশ নিতে ইতিবাচক অবস্থানে রয়েছে।

/এমএকে/