শিরোনাম

প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত

বগুড়া সংবাদদাতা
প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা ছিল।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন। নির্বাচনী বিধি বিবেচনায় সফরটি আপাতত বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেবেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, বগুড়া সদর আসনে উপনির্বাচনকালীন ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আয়োজন করলে নির্বাচনী বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারে। এ জন্য নিয়মের মধ্যেই থাকতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে এসে সাংবাদিকদের জানিয়েছিলেন, ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনে বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী।

/এসআর/