শিরোনাম

মাদ্রিদ ওপেন থেকে সরে গেলেন জোকোভিচ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মাদ্রিদ ওপেন থেকে সরে গেলেন জোকোভিচ
নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত

মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন নোভাক জোকোভিচ। আগামী সপ্তাহ থেকে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। কাঁধের চোট থেকে এর মধ্যে সেরে উঠতে পারবেন না সার্বিয়ান এই কিংবদন্তি টেনিস তারকা।

সাবেক নাম্বার ওয়ান এবং ২৪ গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ এক মাস আগে ইন্ডিয়ান ওয়েলস চতুর্থ রাউন্ডে জ্যাক ড্র্যাপারের কাছে হারের পর আর কোর্টে নামেননি। শুক্রবার (১৭ এপ্রিল) ইনস্টাগ্রাম পোস্টে ৩৮ বছর বয়সী সার্বিয়ান বলেন, ‘মাদ্রিদ, দুর্ভাগ্যবশত আমি এই বছরে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না। দ্রুত ফেরার জন্য সুস্থতার লড়াই চালিয়ে যাচ্ছি। শিগগিরই দেখা হবে।’

ফেব্রুয়ারিতে কার্লোস আলকারাজের কাছে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল হারের পর আভাস দিয়েছিলেন, অবসর সন্নিকটে। ক্লান্তির কারণে ওই মাসের শেষ দিকে দোহা ওপেন থেকে সরে দাঁড়ান তিনি। পরে ইন্ডিয়ান ওয়েলসে খেললেও মায়ামি ও মন্টে কার্লোর ইভেন্ট থেকে সরে দাঁড়ান কাঁধের চোটের কারণে।

এই বছর মাত্র দুটি টুর্নামেন্ট খেলেছেন জোকোভিচ। এক মাসের মধ্যে প্যারিসে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন।

ভক্তদের মনে প্রশ্ন জাগছে, জোকোভিচ ফ্রেঞ্চ ওপেন খেলতে পারবেন তো!

/টিই/