শিরোনাম

জ্বালানির দাম মাত্রাতিরিক্ত বাড়িয়েছে সরকার: আখতার

নিজস্ব প্রতিবেদক
জ্বালানির দাম মাত্রাতিরিক্ত বাড়িয়েছে সরকার: আখতার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন।

সরকার জ্বালানি তেল ও এলপিজির দাম ‘মাত্রাতিরিক্ত’ বাড়িয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশে অংশ নিয়ে এ অভিযোগ করেন তিনি।

আখতার হোসেন বলেন, সরকার জানিয়েছিল জ্বালানির দাম বাড়ানো হবে না। কিন্তু পরবর্তীতে যে পরিস্থিতিতে দাম বাড়ানো হয়েছে, তা অযৌক্তিক। বর্তমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবন-জীবিকায় বাড়তি চাপ সৃষ্টি করেছে।

তিনি বলেন, বিশ্বজুড়ে চলমান সংকট ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। এতে জ্বালানি খাতে চাপ তৈরি হয়েছে। তবে বাজারে কৃত্রিম সংকটেরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ কী তা স্পষ্ট নয়।

এনসিপির এই নেতা বলেন, হঠাৎ করে এলপিজির মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জন্য বড় ধরনের চাপ তৈরি করেছে। এতে গৃহস্থালি রান্নাবান্না থেকে শুরু করে ছোট উৎপাদন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে দাম বাড়তে থাকলে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। আন্তর্জাতিক বাজার পরিস্থিতির পাশাপাশি দেশীয় সমস্যাগুলোকে চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

/এসবি/