শিরোনাম

জনজীবনে আরও দুর্ভোগ আসতে পারে: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

ফরিদপুর সংবাদদাতা
জনজীবনে আরও দুর্ভোগ আসতে পারে: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া্ উচ্চ মূল্যস্ফীতিতে জনজীবনে দুর্ভোগ এবং দারিদ্র্যের হার আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শুক্রবার (১৭ এপ্রিল) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।

ওই সভায় রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘একটি বৈরী পরিবেশে বর্তমান সরকার গঠন হয়েছে। বিগত দিনের মূল্যস্ফীতির কারণে সামনের দিনে জনজীবনে আরও দুর্ভোগ আসতে পারে, নিম্নবিত্তরা আরও দরিদ্র হয়ে পড়ায় দারিদ্র্যের হার আরও বাড়তে পারে। গত তিন বছরের মূল্যস্ফীতির কারণে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘আঞ্চলিক বৈষম্য দূর করতে কোনো রাজনৈতিক দল আগে কখনও কাজ করেনি। বাস্তবতাকে সামনে রেখে আমরা সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হয়েছি।’

বর্তমান সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী উল্লেখ্য করে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘আমরা বিশ্বাস করি কর্মসংস্থানই অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক কাঠামোতে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি হয়নি। বর্তমানে দেশে বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে নারী ও উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে এই হার উদ্বেগজনক।’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্মরণ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘অতীতের এমন অভিজ্ঞতা আমাদের রয়েছে। অর্থনৈতিকভাবে ভঙ্গুর এই রাষ্ট্রের দায়িত্ব নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে গড়ে তুলছিলেন। সব প্রতিবন্ধকতা কাটিয়ে বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলকভাবে দেশের উন্নয়নে কাজ করতে চাই।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।

/টিই/