শিরোনাম

রাশেদ প্রধানের পিএসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে

সিটিজেন ডেস্ক
রাশেদ প্রধানের পিএসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে
রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব (পিএস) জনি নন্দীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব (পিএস) জনি নন্দীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাসার সামনে থেকে তাকে নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাগপা প্রধানের কথিত আক্রমণাত্মক মন্তব্যকে কেন্দ্র করে তার বাসার সামনে কিছু মানুষ অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের সরিয়ে দেয়।

তিনি আরও জানান, রাশেদ প্রধানের বাসার অদূরে অবস্থানরত দুইজন ব্যক্তি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় জাগপা মুখপাত্রের পিএস জনি নন্দী তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করে মোহাম্মদপুর থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য।

পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জনি নন্দীকে ছেড়ে দেওয়া হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাশেদ প্রধানের বাসার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমআর/