শিরোনাম

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার ৪০৮ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে দেশের ১১টি শিক্ষা বোর্ডে সবমিলিয়ে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

প্রকাশিত তথ্যমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ২ হাজার ৭৪৬ জন, রাজশাহীতে ১ হাজার ৭৫৯ জন, কুমিল্লায় ১ হাজার ৪২৫ জন, যশোরে ১ হাজার ৪৪১ জন, চট্টগ্রামে ১ হাজার ৩ জন, সিলেটে ৬৭৪ জন, বরিশালে ৯১১ জন, দিনাজপুরে ১ হাজার ১৭৮ এবং ময়মনসিংহে ৭৫৩ জন অনুপস্থিত ছিল। এছাড়া পরীক্ষায় নকলের দায়ে দুইজনকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ঢাকা বোর্ডের একজন এবং অপরজন দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন। দায়িত্ব যথাযথভাবে পালন না করায় এই শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন। অসদুপায় অবলম্বনের কারণে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

/এসবি/