শিরোনাম

শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিলো কুয়েত

সিটিজেন ডেস্ক
শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিলো কুয়েত
কুয়েত। ছবি: সংগৃহীত

প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর দিলো মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। নির্দিষ্ট খাতের প্রবাসী শ্রমিকদের জন্য ভিসা পরিবর্তনের বিশেষ সুযোগ দিয়েছে দেশটির জনশক্তি বিভাগ। আগামী ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত বিশেষ শর্তে বিদেশ থেকে নিয়োগ পাওয়া শ্রমিকরা এক খাত থেকে অন্য খাতে স্থানান্তরের (ভিসা পরিবর্তন) অনুমতি পাবেন।

জনশক্তি কর্তৃপক্ষের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বর্তমান পরিস্থিতিতে শ্রমবাজারের চাহিদা পূরণ এবং স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসেফ আল-সাবাহর নির্দেশনায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্তটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং শিল্প, কৃষি, মৎস্য ও পশুপালন খাতের জন্য প্রযোজ্য। আগের সিদ্ধান্ত অনুযায়ী, এই খাতগুলোকে দেশের বাইরে থেকে শ্রমিক নিয়োগের অনুমতি দেওয়া হয়েছিল। তবে শর্ত ছিল, এই কর্মীরা নিজ নিজ খাতের বাইরে অন্য কোথাও চাকরি করতে পারবেন না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে এক্ষেত্রে মূল নিয়োগকর্তার (কফিল) অনুমতি লাগবে।

নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ কর্পোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে। কর্মী নিয়োগে ইচ্ছুক মালিকদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি অনুরোধ জমা দিতে হবে। প্রক্রিয়াটি মূল নিয়োগকর্তাকেই সম্পন্ন করতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তটি ‘অস্থায়ী ও ব্যতিক্রমী’। যার মূল লক্ষ্য হলো কুয়েতের শ্রমবাজারের জরুরি চাহিদাগুলো দ্রুত পূরণ করা।

/জেএইচ/