শিরোনাম

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার’

নিজস্ব প্রতিবেদক
‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার’
সংসদে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী ‍নিয়োগে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে জনবল সংকট দূর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ধাপে ধাপে নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, ইতোমধ্যে বিভিন্ন বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। ৪৮তম বিসিএসের মাধ্যমে দুই হাজার ৯৮৪ জন সহকারী সার্জন ও ২৭৯ জন ডেন্টাল সার্জন, ৪৪তম বিসিএসের মাধ্যমে ১৮ জন সহকারী সার্জন (এমবিবিএস) ও ২২ জন ডেন্টাল সার্জন এবং ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, সেখানে চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীর মোট ১৯৬টি পদের মধ্যে বর্তমানে ১৩৮ জন কর্মরত আছেন এবং ৫৮টি পদ শূন্য রয়েছে। চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীর বিভিন্ন পদে এখনো শূন্যতা রয়েছে। এছাড়া চিকিৎসকদের প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত মোট ৩১ পদের বিপরীতে কর্মরত আছেন ২১ জন এবং ১০টি পদ শূন্য রয়েছে। নার্সদের ক্ষেত্রে মোট ৩৬টি পদের মধ্যে ৩৫টিতে জনবল আছে এবং একটি পদ শূন্য রয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১তম থেকে ১৬তম গ্রেডভুক্ত কর্মচারীদের মোট ১০২ পদের মধ্যে ৬৭টিতে জনবল আছে এবং ৩৫টি পদ শূন্য রয়েছে। ১৭তম থেকে ২০তম গ্রেডে মোট ২৭টি পদের বিপরীতে ১৫টি জনবল আছে এবং ১২ পদ শূন্য রয়েছে।

মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, এসব শূন্য পদ পূরণের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে এবং ধারাবাহিকভাবে নিয়োগ ও পদায়নের মাধ্যমে পর্যায়ক্রমে সব পদ পূরণ করা হবে।

/এফআর/