শিরোনাম

ইরানিদের ট্রেন ও রেলপথ থেকে দূরে থাকার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

সিটিজেন ডেস্ক
ইরানিদের ট্রেন ও রেলপথ থেকে দূরে থাকার নির্দেশ ইসরায়েলি বাহিনীর
ট্রান্স-ইরানিয়ান রেলওয়ে। ছবি: সংগৃহীত

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আগামী ১২ ঘণ্টার জন্য ইরানিদের ট্রেন ব্যবহার না করতে এবং রেললাইন থেকে দূরে থাকতে একটি ‘জরুরি সতর্কতা’ জারি করেছে।

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রিয় নাগরিকবৃন্দ, আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে, এই মুহূর্ত থেকে ইরানের সময় রাত ৯টা পর্যন্ত আপনারা ইরানজুড়ে ট্রেন ব্যবহার এবং ভ্রমণ থেকে বিরত থাকুন।’

এতে আরও বলা হয়, ‘ট্রেন ও রেললাইনের আশেপাশে থাকা আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।’

আইডিএফ এক্সে তাদের ফারসি ভাষার অ্যাকাউন্ট থেকে এই সতর্কতা জারি করেছে। যদিও ইরানজুড়ে ইন্টারনেট ব্লক অবস্থায় আছে। এজন্য নাগরিকরা এ সম্পর্কে অবগত হবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে।

ইসরায়েলের দেওয়া এই সতর্কতাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমার সাড়ে ছয় ঘণ্টা আগে শেষ হবে। এর আগে ট্রাম্প মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তেহরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছিলেন।

ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান যদি এই নির্দেশ না মানে, তবে তিনি দেশটির সেতু এবং বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেবেন।

যদিও বিশ্লেষকরা বলছেন, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। ট্রাম্প প্রণালিটি খোলার জন্য একাধিকবার সময়সীমা ঘোষণা করেছেন এবং পরে তা সংশোধনও করেছেন।

সূত্র: সিএনএন

/জেএইচ/