শিরোনাম

সুন্দরবনে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

সাতক্ষীরা সংবাদদাতা
সুন্দরবনে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ
জেলে আতিয়ার রহমান। ছবি: সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় বনদস্যুর গুলিতে আতিয়ার রহমান নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত আতিয়ার রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান। এ সময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

সহযোগী জেলেরা দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয়রা বলেন, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়, ফলে জেলে ও বনজীবীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ে।

এ ঘটনায় স্থানীয় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, আহত জেলে আতিয়ার রহমান আমাদের অফিসে এলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করেছি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, আমরা বনদস্যু নির্মুলে তৎপর আছি। আহত জেলের খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

/এসআর/