শিরোনাম

যুক্তরাজ্য-ফ্রান্সের নেতৃত্বে হরমুজ প্রণালিতে নৌ মিশন

সিটিজেন ডেস্ক
যুক্তরাজ্য-ফ্রান্সের নেতৃত্বে হরমুজ প্রণালিতে নৌ মিশন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: ফান্স প্রেস

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, পরিস্থিতি অনুকূল হলেই হরমুজ প্রণালিতে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বহুজাতিক মিশনের নেতৃত্ব দেবে যুক্তরাজ্য ও ফ্রান্স। এই উদ্যোগের মূল লক্ষ্য হবে গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখা।

শুক্রবার (১৭ এপ্রিল) প্যারিসে দেওয়া এক ভাষণে স্টারমার বলেন, প্রস্তাবিত এই মিশনটি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আত্মরক্ষামূলক প্রকৃতির। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে এবং প্রণালিতে সম্ভাব্য মাইন অপসারণ কার্যক্রমেও সহায়তা করা হবে।

তিনি আরও জানান, এ উদ্যোগে অংশ নিতে অন্যান্য দেশগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যেই প্রায় এক ডজন দেশ বিভিন্ন ধরনের সামরিক ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

স্টারমারের মতে, বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। তাই সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা সময়ের দাবি।

/এমআর/