শিরোনাম

দুইদিনে শাহ আমানতে ১৯ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম সংবাদদাতা
দুইদিনে শাহ আমানতে ১৯ ফ্লাইট বাতিল
শাহ আমানত বিমানবন্দর। ছবি: সিটিজেন জার্নাল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ফের স্থবির হয়ে পড়েছে। শনি ও রবিবার (৪ ও ৫ এপ্রিল) বিমানবন্দরটিতে ১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ নামী বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটও রয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, মাত্র দুই দিনের ব্যবধানে বাতিল হওয়া ১৯টি ফ্লাইটের মধ্যে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি অ্যারাইভাল ও ৩টি ডিপার্চার ফ্লাইট রয়েছে। এছাড়া বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি, এয়ার আরাবিয়ার ৪টি এবং সালাম এয়ারের ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ১৩টি অ্যারাইভাল ও ১০টি ডিপার্চার ফ্লাইট শনি ও রোববার সচল ছিল। সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে।

প্রসঙ্গত, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরের ২৬৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

/এফআর/