শিরোনাম

ক্ষমতায় আসার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন

বিশেষ প্রতিনিধি
ক্ষমতায় আসার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার: মাহদী আমিন
সংবাদ সম্মেলনে সরকারের ৬০টি পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: সংগৃহীত

বিএনপি সরকার ক্ষমতায় আসার দুই মাসে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়ন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সরকারের এই অর্জনের বিশদ বিবরণ তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রতিটি ক্ষেত্রে সংস্কার ও উন্নয়ন নিশ্চিতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি পরিবারের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। ইতোমধ্যে ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে এই কার্ড দেওয়া হয়েছে। কার্ডধারীরা প্রতি মাসে দুই ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন।

সংবাদ সম্মেলনে সরকারের ৬০টি পদক্ষেপের মধ্যে অন্যতম পদক্ষেপ কৃষক কার্ড চালু করার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে। এ ছাড়া মন্ত্রিসভার প্রথম বৈঠকে দেশের প্রায় ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। জ্বালানির বৈশ্বিক সংকট সত্ত্বেও ভর্তুকি বাড়িয়ে তেলের দাম বাড়ানো হয়নি। ২০৩০ সালের মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের সরকারি দপ্তর–পরিদপ্তরে চার লাখ ৬৮ হাজারেরও বেশি শূন্য পদ পূরণে পরিকল্পনা নেওয়া হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং ইউরোপের সাতটি দেশের সঙ্গে নতুন দ্বিপাক্ষিক চুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। রাষ্ট্রীয় ব্যয় সংকোচনে প্রধানমন্ত্রী সরকারি ভবন ‘যমুনা’ ব্যবহার না করে নিজ বাসভবনে থাকছেন। নিজ খরচে জ্বালানি ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন। মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলে প্রতি বছর পুনরায় ভর্তি ফি নেওয়ার নিয়ম বাতিল করা হয়েছে। সব স্তরের শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টির দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৮০ দিনের মধ্যে হাজার হাজার কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র মাহদী আমিন আরও বলেন, বর্তমান সরকার উদার ও গণতান্ত্রিক সমাজ নির্মাণে অঙ্গীকারবদ্ধ। গত দুই মাসে সংবাদপত্রের স্বাধীনতা ও মুক্ত চিন্তার পরিবেশে কোনো ব্যত্যয় ঘটেনি। এ ছাড়া গুম প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষায় ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে বিল আকারে ওঠার প্রক্রিয়া চলছে।

বিশ্ববিখ্যাত সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্থান পেয়েছেন। প্রধানমন্ত্রীর এই অনন্য অর্জনকে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেন মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আরও বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের হারানো আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছেন। স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/বিবি/