শিরোনাম

বুলবুলকে বিদায় করে বিসিবিতে তামিম, ৩ মাসের মধ্যে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
বুলবুলকে বিদায় করে বিসিবিতে তামিম, ৩ মাসের মধ্যে নির্বাচন
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্পষ্ট ‘হস্তক্ষেপ’র প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ‘অনিয়মে ভরা’ নির্বাচনের কারণে জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২১ ধারা অনুযায়ী বর্তমান ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করছে ক্রীড়া পরিষদের উপসচিব (ক্রীড়া) আমিনুল এহসান।

তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আছেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইস্রাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতাহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানী, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে বিসিবি নির্বাচন করবে।

ক্রিকেট বোর্ড স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে না পারলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দল। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে বলে দাবি করেন এনএসসি পরিচালক।

আমিনুল এহসান বলেন, ‘বিসিবির নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও পর্যালোচনার প্রেক্ষিতে নির্বাচনে অনিয়ম খুঁজে পেয়েছে যথাযথ কর্তৃপক্ষ। এটি আইসিসিকে জানানো হয়েছে। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ২০১৮ সালের আইন মোতাবেক এই কমিটি বিলুপ্ত করে নতুন এডহক কমিটি দিয়েছে।’

/টিই/