শিরোনাম

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি
হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
ছবি: সিটিজেন জার্নাল

দেশে হাম পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মারা যাওয়া ১১ শিশুর মধ্যে ১০ জন সন্দেহভাজন এবং ১ জন নিশ্চিত হামের রোগী ছিলেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ এপ্রিল সকাল ৮টা থেকে ৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশে নতুন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৬ শিশু। এর মধ্যে নতুন নিশ্চিত রোগী ২২৪ জন। একই সময়ে ৬৪১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৮৩ জনে এবং নিশ্চিত রোগী ১ হাজার ৩৯৮ জনে। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৬ হাজার ৮৮৩ শিশু, যাদের বেশির ভাগই উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। মোট মৃত্যুর সংখ্যা ১২৮ জন, এর মধ্যে সন্দেহভাজন ১০৭ জন এবং নিশ্চিত হামে ২১ শিশু।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে (৪৯৯ জন)। এরপর চট্টগ্রাম (১৭৪ জন) এবং রাজশাহী (২২৫ জন)। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম ও রাজশাহীতে ১ জন করে এবং রংপুর বিভাগে ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে নজরদারি ও টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। জ্বর এবং শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো ছোঁয়াচে রোগ প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকা গ্রহণ এবং সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

/এসএ/