শিরোনাম

ইরানজুড়ে রেল ও সড়ক অবকাঠামোয় হামলা

সিটিজেন ডেস্ক
ইরানজুড়ে রেল ও সড়ক অবকাঠামোয় হামলা
ইরানের রেল যোগাযোগ ও সেতুগুলোতে হামলা করেছে ইসরায়েল। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর আগাম সতর্কবার্তার পর ইরানের বিভিন্ন স্থানে রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে একাধিক হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। হামলার আগে আইডিএফ ইরানি নাগরিকদের ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার থেকে বিরত থাকার এবং রেললাইন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, গত কয়েক ঘণ্টায় দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এসব হামলা চালিয়েছে।

ইরানের আধাসরকারি মেহের নিউজ এজেন্সি জানায়, কাশান শহরের একটি রেলসেতুতে হামলার ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। একই সময়ে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কারাজ শহরের একটি রেললাইনে বিমান হামলা চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার ভিডিওও প্রকাশ করেছে সংস্থাটি।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম (আইআরআইবি) জানায়, পশ্চিমাঞ্চলের কোম প্রদেশে সড়কপথের একাধিক সেতুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একই সূত্রে আরও জানানো হয়, পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তাবরিজ-তেহরান মহাসড়কের একটি অংশ হামলার শিকার হয়েছে।

এ ছাড়া খুজেস্তান প্রদেশের নিরাপত্তা উপপ্রধানের বরাতে আইআরআইবি জানায়, আহওয়াজ শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কেও হামলা চালানো হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (আইআরএনও) জানিয়েছে, চলমান পরিস্থিতির কারণে তাবরিজ ও জানজান শহরের মধ্যবর্তী মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ক্যারেহ চামান-মিয়ানেহ সড়কটিও দুই দিক থেকেই যান চলাচলের জন্য বন্ধ রয়েছে।

ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় শুধু যোগাযোগ অবকাঠামো নয়, আবাসিক ও বাণিজ্যিক এলাকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বেসামরিক জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

সূত্র: সিএনএন

/এমআর/