শিরোনাম

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ৪ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৮ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। মতিঝিল গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বিএনপির কর্মী মকবুল হত্যার মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

গত রোববার থেকে তিনি একই মামলায় রিমান্ডে ছিলেন। আফজাল নাছেরের রিমান্ড মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান।

এর আগে গত ২৯ মার্চ রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন জুলাই আন্দোলনে নিহত দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের যুক্তি তুলে ধরে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ওমর ফারুক ফারুকী বলেন, তিনি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ও সুবিধাভোগী ছিলেন। তাকে এ মামলায় তদন্ত স্বার্থে আরও তথ্য বের করার জন্য চার দিনের রিমান্ডের প্রার্থনা করা হচ্ছে।

আসামি আফজাল নাছেরের পক্ষে আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। তিনি বলেন, শুধু নাম ছাড়া এ মামলায় আফজাল নাছেরের বিরুদ্ধে কিছু নেই। ইতোমধ্যে তিন দিনের রিমান্ড হয়েছে। যদি আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন হয় তাহলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। এতে কার্যালয়ের পাশে থাকা মকবুল হোসেন নামে এক বিএনপির কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

/বিবি/