শিরোনাম

নববর্ষ উদযাপন: আইনশৃঙ্খলা বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা বুধবার

বিশেষ প্রতিনিধি
নববর্ষ উদযাপন: আইনশৃঙ্খলা বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা বুধবার
পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা। ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে এক পর্যালোচনা সভা আহ্বান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৬ থেকে জারি করা এক জরুরি নোটিশে এই তথ্য জানানো হয়েছে। এতে হয়, বাংলা নববর্ষ যেন উৎসবমুখর পরিবেশে এবং নিরাপদে উদযাপন করা যায়, সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হবে। সভায় যথাযথ প্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ এই সভায় মন্ত্রিপরিষদ সচিবের প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, আইজিপি, ডিএমপি কমিশনারসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

প্রতি বছরই নববর্ষকে কেন্দ্র করে বড় ধরনের জনসমাগম হয়ে থাকে। রমনা বটমূলসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে প্রতিবারই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এবারের সভায় মূলত সেই প্রস্তুতিরই চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করা হবে।

/এফসি/