শিরোনাম

স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার; বাড়ছে রিজার্ভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার; বাড়ছে রিজার্ভ
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

দেশের বৈদেশিক মুদ্রা (ফরেক্স) বাজার বর্তমানে স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু মহলে টাকার বড় ধরনের অবমূল্যায়ন নিয়ে গুঞ্জন থাকলেও, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে বিনিময়ের হারের ওপর কোনো তাৎক্ষণিক চাপ নেই। শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ এবং আমদানিতে শৃঙ্খলা বজায় থাকায় বাজারে পর্যাপ্ত তারল্য বিদ্যমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৪.৩৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি শক্তিশালী সুরক্ষা বলয় হিসেবে কাজ করছে।

২০২৬'র মার্চ মাসে দেশে রেকর্ড ৩.৭৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা পূর্ববর্তী যেকোনো মাসের তুলনায় বেশি। এই ইতিবাচক ধারা এপ্রিল মাসেও অব্যাহত রয়েছে; এপ্রিলের প্রথম ৬ দিনেই এসেছে ৬৬০ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০.৫% বেশি।

আমদানি ব্যয় এবং বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রেও কোনো অস্থিরতা নেই। গত মাসে ১.৩৭ বিলিয়ন ডলারের আকু বিল এবং প্রায় ১৮০ মিলিয়ন মার্কিন ডলারের সরকারি বৈদেশিক ঋণ নিয়মিত ও পরিকল্পিতভাবে পরিশোধ করা হয়েছে।

তবু রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারের উপরে থাকা অর্থনীতির জন্য একটি স্বস্তিদায়ক খবর।

সার্বিকভাবে, বৈদেশিক মুদ্রার সরবরাহ ও চাহিদার মধ্যে চমৎকার ভারসাম্য বজায় রয়েছে। বাজারে পর্যাপ্ত শৃঙ্খলা ও আস্থা বিদ্যমান থাকায় ডলারের মূল্যমানের ওপর কোনো বাড়তি চাপ সৃষ্টির সম্ভাবনা দেখছে না কেন্দ্রীয় ব্যাংক।

এমতাবস্থায়, টাকার অবমূল্যায়ন নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করে সংবাদ প্রকাশ করা বাস্তবসম্মত নয় বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/টিই/