শিরোনাম

‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই প্রধান দায়িত্ব’

নিজস্ব প্রতিবেদক
‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই প্রধান দায়িত্ব’
তামিম ইকবাল। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার (৭ এপ্রিল)। সভা শেষে সাংবাদিকদের সামনে উপস্থিত হন অ্যাডহক কমিটির প্রধান সাবেক ক্রিকেটার তামিম ইকবাল।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গত এক-দেড় বছরে দেশের ক্রিকেটের যে সুনাম ক্ষুণ্ণ হয়েছে, তা পুনরুদ্ধার করাই এই কমিটির লক্ষ্য।

এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা হবে কমিটির প্রধান কাজ। তামিম ইকবাল বলেন, ‘কমিটির ওপর অর্পিত প্রধান দায়িত্ব হলো একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন (অবাধ ও সুষ্ঠু নির্বাচন) আয়োজন করা। আগামী তিন মাসের মধ্যে সততা ও দ্রুততার সাথে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’

বর্তমান কমিটিতে যারা আছেন তারা নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘অবশ্যই আমরা ইলেকশন করবো। এখানে আপনি আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে, আমার ইচ্ছা থাকতে পারে আমি করতে পারি। যখন একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে খালি আমরা না যারা যারা ইন্টারেস্টেড আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে, সবাই পার্টিসিপেট করেন।’

প্রায়ই দেখা যায় বোর্ডের কোনো কর্মকর্তার বরাত দিয়ে খবর হয় সংবাদমাধ্যমে। এ বিষয়টি রুখতে তামিম অনুরোধ করে বলেন, ‘বোর্ডের কার্যক্রমে শৃঙ্খলা ও একতা বজায় রাখতে একজন নির্দিষ্ট স্পোকসপারসন (মুখপাত্র) নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে বোর্ড সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত বা তথ্যের জন্য কমিটির সদস্য তানজিল ভাই (মুখপাত্র) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। এতে করে তথ্যের বিভ্রান্তি কমবে এবং প্রাতিষ্ঠানিক চেইন অব কমান্ড বজায় থাকবে।’

প্রথম মিটিংয়ে প্রশাসনিক ও আর্থিক কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ব্যাংকিং লেনদেনের জন্য দুটি গ্রুপ করা হয়েছে। একটি ম্যানেজমেন্ট গ্রুপ এবং অন্যটি কমিটি গ্রুপ।

এছাড়া আইসিসি ও এসিসি তে বিসিবির প্রতিনিধিত্ব করবেন বর্তমান সভাপতি।

/টিই/