শিরোনাম

ক্লাসে অনুপস্থিত থাকলে বাতিল হতে পারে মার্কিন ভিসা

সিটিজেন ডেস্ক
ক্লাসে অনুপস্থিত থাকলে বাতিল হতে পারে মার্কিন ভিসা
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ালে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (১৮ এপ্রিল) দূতাবাসের এক বার্তায় জানানো হয়, শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানরতদের নির্ধারিত নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। পড়াশোনা বন্ধ করা বা অনুমতি ছাড়া কোর্স থেকে সরে দাঁড়ানো ভিসার শর্ত লঙ্ঘনের শামিল।

বার্তায় আরও বলা হয়, এ ধরনের শর্ত ভঙ্গ করলে সং শ্লিষ্ট শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি থাকবে।

সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

/এসএ/