শিরোনাম

বরখাস্ত হওয়া সেই পুলিশ কর্মকর্তা কহিনুর মিয়া পদোন্নতি পেলেন

বিশেষ প্রতিনিধি
বরখাস্ত হওয়া সেই পুলিশ কর্মকর্তা কহিনুর মিয়া পদোন্নতি পেলেন
পুলিশের অতিরিক্ত ডিআইজি কহিনুর মিয়া। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া সেই পুলিশ কর্মকর্তা কহিনুর মিয়াকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখার এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেওয়ার এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার (পশ্চিম) কহিনুর মিয়াকে ২০১৫ সালে ৭ এপ্রিল ভুতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলো। ওই কর্মকর্তা বিধি অনুযায়ী বকেয়া বেতন ভাতা প্রাপ্য হবে বলেন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, ১৫ বছর আগে আগে চাকরি হারানো পুলিশের এই কর্মকর্তাকে কিছুদিন আগে সব মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এ কারণে তাঁর অপসারণের সময়কালকে চাকরি হিসেবে ধরে সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। আজ তাকে ভুতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পশ্চিম অঞ্চলের উপকমিশনার (ডিসি) কোহিনূর মিয়াকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, দুটি বিভাগীয় মামলায় এসপি কোহিনুর মিয়াকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু একই অভিযোগে দায়ের করা দুটি ফৌজদারি মামলায় আদালত তাকে নির্দোষ হিসেবে খালাস দেন। একই সঙ্গে তার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করা হয়। এ কারণে তিনি নিয়ম অনুযায়ী সরকারি সব ধরনের বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য হন।

বিগত বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের আমলে কোহিনূর মিয়া সরকারের অতি আস্থাভাজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। আর এ কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাকে তাকে চাকরি থেকে বরখাস্ত করে। পরে তিনি আত্মগোপনে থাকেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি প্রকাশ্যে আসেন।

/বিবি/