শিরোনাম

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি
ওমর ফারুক খান। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আজ রবিবার (১২ এপ্রিল) ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তাকে ছুটিতে পাঠানো হয়েছে।

বৈঠকে উপস্থিত থাকা ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ওমর ফারুক খাঁনের অনুপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. আলতাফ হোসেন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম সিটিজেন জার্নালকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বোর্ড মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩১মে পর্যন্ত তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এর বেশি কিছু আমি বলতে পারছি না।

সূত্রের তথ্য অনুযায়ী, ব্যাংকিং খাতে প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনও ব্যাংকের এমডিকে অপসারণ বা পরিবর্তনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ সাধারণত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়ে থাকে। তবে এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ১০ জুলাই ব্যাংকটির পরিচালনা পর্ষদ ওমর ফারুক খানকে নিয়মিত এমডি নিয়োগ দিয়ে অনাপত্তির জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠায়। গত ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকে তার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে এমডি হিসেবে অনাপত্তির চিঠি দিল কেন্দ্রীয় ব্যাংক। গত বছরের আগস্ট মাসে ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান।

মো. ওমর ফারুক খান ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ে অর্থ ব্যবস্থাপনা (ট্রেজারি), বৈদেশিক বাণিজ্য এবং করপোরেট বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। প্রায় ৪ দশকের অভিজ্ঞ এই ব্যাংকার ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট।

/এমএকে/