শিরোনাম

ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

সিটিজেন ডেস্ক
ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র: গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রবিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে আলোচনার ফলাফল নিয়ে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হিসেবে তিনি এ মন্তব্য করেন।

গালিবাফ বলেছেন, আলোচনা প্রক্রিয়ায় ইরানের পক্ষ থেকে প্রয়োজনীয় সদিচ্ছা থাকলেও প্রতিপক্ষের প্রতি তাদের আস্থার তীব্র সংকট ছিল। এর মূল কারণ হিসেবে তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং গত বছর ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তার মতে, পূর্বের এসব সংঘাতের কারণেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে শুরু থেকেই সন্দিহান ছিল তেহরান এবং শেষ পর্যন্ত ওয়াশিংটন সেই অবিশ্বাস দূর করে আস্থা ফেরাতে পারেনি।

ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও আলোচনার একটি সুষ্ঠু পরিবেশ তৈরি এবং পুরো প্রক্রিয়াটি সহজতর করার ক্ষেত্রে ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন ইরানের স্পিকার। একইসঙ্গে তিনি এ উদ্যোগের জন্য পাকিস্তানের সরকার ও সেদেশের সাধারণ জনগণের প্রতি বিশেষ শুভেচ্ছা এবং গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

সূত্র: আল জাজিরা

/এমএকে/