শিরোনাম

শিরোপা জেতানো কোচ আলফাজকে বিদায় দিলো মোহামেডান

নিজস্ব প্রতিবেদক
শিরোপা জেতানো কোচ আলফাজকে বিদায় দিলো মোহামেডান
আলফাজ আহমেদ। ছবি: সংগৃহীত

গেল মৌসুমে আলফাজ আহমেদের কোচিংয়ে লিগ শিরোপা জিতেছিল মোহামেডান। তবে চলতি মৌসুমে বিবর্ণ সাদা-কালো জার্সিধারী দলটি। দলের মলিন পারফরম্যান্সের কারণে মৌসুমের মাঝপথে ডাগআউট ছাড়তে হলো আলফাজকে।

এক বিজ্ঞপ্তিতে রবিবার (১২ এপ্রিল) আলফাজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় মোহামেডান। সহকারী কোচ আব্দুল কায়ূম সেন্টুকে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

২০২৫-২৬ মৌসুমের বাকি সময়ের জন্য ক্লাবের স্থায়ী সদস্য আমিরুল ইসলাম বাবুকে টিম লিডার-এর দায়িত্ব দেওয়ার কথাও জানিয়েছে মোহামেডান।

আলফাজকে অব্যাহতি দেওয়ার কারণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক, যা আমাদের ক্লাবকে বিপর্যয়ের সম্মুক্ষীণ করেছে। ফুটবল দলের এরূপ ফলাফলে ক্লাবের পরিচালনা পর্ষদ, কর্মকর্তাসহ মোহামেডানের অগণিত সমর্থকেরা মর্মাহত ও অসন্তুষ্টি প্রকাশ করেছে। ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিক সাফল্য ও উন্নয়নের দিকে ধাবিত হওয়ার বিষয়টি পরিচালনা পর্ষদ গভীরভাবে বিবেচনা করে আলফাজ আহমেদকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

সবশেষ আবাহনীর কাছে হারের ফলে লিগে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে মোহামেডান আছে সপ্তম স্থানে। আসরে মাত্র ২টিতে জিতেছে তারা।

২০২১ সালে মোহামেডানের সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন আলফাজ। সেই সময়কার প্রধান কোচ শফিকুল ইসলাম মানিক ২০২৩ সালে বিদায় নিলে তিনি প্রধান কোচের দায়িত্ব পান।

২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা জিতে মোহামেডান। ২০০৭ সালে পেশাদার লিগ নামকরণের পর এটিই ছিল লিগে দলটির প্রথম সাফল্য। ২০২২-২৩ মৌসুমের ফেডারেশন কাপের শিরোপাও মোহামেডান জেতে আলফাজের অধীনে।

/টিই/