শিরোনাম

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে স্বাধীনতা পুরস্কার নেন জায়মা রহমান। ছবি: সংগৃহীত

‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রাপ্তদের হাতে সম্মাননা পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচ প্রতিষ্ঠান এ পদক পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হলো স্বাধীনতা পুরস্কার। গত ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মরণোত্তর এ সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার সম্মাননার পদক বিতরণ অনুষ্ঠানে খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জায়মা রহমান।

এছাড়া পুরস্কারের জন্য মনোনীত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ

মুক্তিযুদ্ধ: মরণোত্তর সম্মাননা পাচ্ছেন মেজর মোহাম্মদ আবুল জলিল এবং প্রতিষ্ঠান হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ।

বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক ড. জহুরুল করিম।

চিকিৎসাবিদ্যা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

সংস্কৃতি: এ কে এম হানিফ (হানিফ সংকেত) এবং মরণোত্তর সম্মাননা পাচ্ছেন বশির আহমেদ।

সাহিত্য: ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)।

ক্রীড়া: জোবেরা রহমান লিনু।

সমাজসেবা/জনসেবা: ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মাহেরীন চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, এস ও এস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

গবেষণা ও প্রশিক্ষণ: মোহাম্মদ আবদুল বাকী (পিএইচডি), অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

জনপ্রশাসন: কাজী ফজলুর রহমান (মরণোত্তর)

পল্লী উন্নয়ন: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)

পরিবেশ সংরক্ষণ: আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

প্রসঙ্গত, ‘স্বাধীনতা পুরস্কার’ প্রাপ্তরা ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সনদপত্র এবং সম্মানীর চেক পেয়ে থাকেন।

/এফআর/