শিরোনাম

দুই বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
দুই বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের দুই বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে বলা হয়েছে, রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মনবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা আরোও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৬-২৭ এপ্রিল থেকে দেশজুড়ে একটি শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তা স্থায়ী হতে পারে।

এতে বলা হয়েছে, বৃষ্টি বলয়টি আগামী ২৬ বা ২৭ এপ্রিল শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে। যা ৭ বা ৮ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এই সময়ে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত বিরতিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বলয়টি সিলেট বিভাগে শক্তিশালী আকার ধারণ করতে পারে। সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে এটি অধিক সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

/এসবি/