শিরোনাম

৪০ ডিগ্রির ঘরে তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক
৪০ ডিগ্রির ঘরে তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন
ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ। তবে এটি ছড়িয়ে পড়েছে ২৭ জেলায়। এর মধ্যেই চলতি বছর প্রথমবারের মতো তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাজশাহীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানীতে বইছে তীব্র তাপপ্রবাহ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় জানায়, রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুইদিন তাপমাত্রা আরো বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৫ জুলাই থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। ২৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এসময় উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে দেশের তাপমাত্রা আরো কমতে পারে।

এদিকে প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। বিপাকে খেটে খাওয়া মানুষ। হিট স্ট্রোকসহ গরমজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বুধবার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। এদিন দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সিরাজগঞ্জে ৩৭ দশমিক ৮ ডিগ্রি, কুষ্টিয়ায় ৩৭ দশমিক ৩ ডিগ্রি, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তিনি আরও বলেন, কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।

/জেএইচ/