শিরোনাম

পহেলা বৈশাখে ঢাবিতে প্রবেশে বিধিনিষেধ

সিটিজেন ডেস্ক
পহেলা বৈশাখে ঢাবিতে প্রবেশে বিধিনিষেধ
মুক্তি ও গণতন্ত্র তোরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সিটিজেন জার্নাল

পুরোনোকে ফেলে বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশ ও চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার (১৪ এপ্রিল) শুরু হচ্ছে পহেলা বৈশাখ। তবে সোমবার (১৩ এপ্রিল) রাত থেকেই যানবাহন চলাচলে কড়াকাড়ি থাকবে।

রবিবার (১২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি প্রবেশপথ (শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল, উদয়ন স্কুল) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে শাহবাগ ও নীলক্ষেত প্রবেশপথ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে। আর দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল, উদয়ন স্কুল প্রবেশপথ দুপুর ১২টার পর থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।

এ সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নীলক্ষেত প্রবেশপথ ছাড়াও উদয়ন স্কুলের সামনে দিয়ে প্রবেশ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন কেবল নীলক্ষেত ও উদয়ন স্কুলের সামনে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে। এ সময়ের মধ্যে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

প্রশাসন আরও জানিয়েছে, নববর্ষের দিন বিকাল ৫টা থেকে জনসাধারণের জন্য পুনরায় বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ বন্ধ থাকবে। এ সময়ে বহিরাগতরা ক্যাম্পাস থেকে বের হতে পারবেন, কিন্তু প্রবেশ করতে পারবেন না। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদেরকে উপরোক্ত সময়ে নিজ নিজ পরিচয়পত্র সাথে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে।

/জেএইচ/