শিরোনাম

জবির ৬ষ্ঠ মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ৯ এপ্রিল

জবি সংবাদদাতা
জবির ৬ষ্ঠ মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ৯ এপ্রিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: জাকির হোসেন/সিটিজেন জার্নাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার এ, বি, সি, ডি ও ই ইউনিটের ৬ষ্ঠ পর্যায়ের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ৯ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ষ্ঠ পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১২ এপ্রিল রাত ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে ভর্তি ফরম পূরণ করতে হবে। এরপর নির্ধারিত ভর্তি ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

এছাড়া, ৯ থেকে ১৩ এপ্রিল প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোতে) সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এরপর কাগজপত্র জমাদান স্লিপ সংগ্রহ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভর্তি ফি

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর ভর্তি ফি ১২ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ব্যবহারিক ক্লাস ফি অন্তর্ভুক্ত রয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে ভর্তি ফি ১০ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের বিভাগ ও ইনস্টিটিউটগুলোর (ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) ভর্তি ফিও ১০ হাজার ৬৩০ টাকা।

অন্যদিকে, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ এবং চারুকলা অনুষদের বিভাগগুলোর জন্য ভর্তি ফি ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাস ফিসহ) নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ভর্তি কার্যক্রম শেষে যদি আসন শূন্য থাকে, তাহলে আগামী ১৬ এপ্রিল উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

/জেএইচ/