শিরোনাম

আবারও ইরানে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
আবারও ইরানে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা যুদ্ধের স্থায়ী সমাপ্তি আনতে ব্যর্থ হওয়ায় ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগে অস্বীকৃতি জানানোর ফলে এই কূটনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নিলেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর সীমিত সামরিক হামলা এবং কৌশলগত হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ আরোপের পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফ্লোরিডার গলফ রিসোর্ট থেকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তেজনা অব্যাহত থাকলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হতে পারে। তিনি এ ধরনের পদক্ষেপ নিতে অনিচ্ছা প্রকাশ করলেও জানিয়েছেন, আলোচনার টেবিলে সব বিকল্পই খোলা রয়েছে। পাশাপাশি বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশ পরিবাহিত হওয়া হরমুজ প্রণালি অবরোধের মাধ্যমে ইরানের তেলের আয় পুরোপুরি বন্ধ করার কৌশল নিচ্ছে ওয়াশিংটন, যা দেশটির সরকারি বাজেটের প্রায় অর্ধেক জোগান দেয়।

হোয়াইট হাউসের উপদেষ্টাদের একাংশ মনে করছেন, ভেনেজুয়েলার ওপর প্রয়োগ করা পূর্ববর্তী কৌশলের মতো এ অর্থনৈতিক চাপ ইরানকে পুনরায় আলোচনায় বসতে বাধ্য করবে। তবে এই রণকৌশল অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ইরানি উপকূলের খুব কাছে অবস্থান করা মার্কিন নৌযানগুলো যেকোনো সময় ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে পারে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

/এমএকে/