শিরোনাম

‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সাংবিধানিক সংকটে পড়বে দেশ’

নিজস্ব প্রতিবেদক
‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সাংবিধানিক সংকটে পড়বে দেশ’
সেমিনারে কথা বলেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন না করলে দেশ নতুন করে সাংবিধানিক ও অনাস্থার সংকটে পড়বে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে এ কথা বলেন তিনি। ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের কিনোট পেপার উপস্থাপন করেন শিশির মনির।

এসময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, গণভোটের ফলাফল মেনে নিয়ে ১৮০ দিনের জন্য সংবিধান সংস্কার সভার অধিবেশন ডাকতে হবে। এরপর উচ্চকক্ষ ও নিম্নকক্ষ—এই দুই ভাগে পার্লামেন্ট বিভক্ত হয়ে যাওয়ার কথা। যেখানে উচ্চকক্ষে ১০০ জন প্রতিনিধি থাকবে, এতে ভোটের সংখ্যানুপাতে দলগুলো আসন পাবে। এটা যদি আপনারা না করেন, তবে তা হবে ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়।

শিশির মনির আরও বলেন, আমি সুইজারল্যান্ড থেকে শ্রীলঙ্কা পর্যন্ত ২৬টি দেশের নজির সংগ্রহ করেছি। দুনিয়ার ইতিহাসে এমন একটাও উদাহরণ নেই, যেখানে গণভোটের রায় মেনে নেয়নি সরকার। তাই গণভোটের ফলাফল মেনে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার সভার (কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাসেম্বলি) অধিবেশন ডাকার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

/এফআর/