শিরোনাম

২ মাসেই জ্বালানি সক্ষমতা ফেরাতে চায় ইরান

সিটিজেন ডেস্ক
২ মাসেই জ্বালানি সক্ষমতা ফেরাতে চায় ইরান
ইরানের সাউথপার্স গ্যাসক্ষেত্র। ছবি: ডয়েচে ভেলে

মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুনরায় সচল করতে জোরালো পদক্ষেপ নিয়েছে ইরান। দেশটির জ্বালানি খাতে হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ২ মাসের মধ্যে সেগুলো পুরোদমে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইরানের তেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমিফার জানিয়েছেন, তাদের মূল উদ্দেশ্য হলো নির্ধারিত সময়ের মধ্যে হামলার আগের অবস্থার তুলনায় অন্তত ৭০ থেকে ৮০ শতাংশ উৎপাদন সক্ষমতা ফিরিয়ে আনা। এ লক্ষ্যের আওতায় ইতোমধ্যে মেরামত ও সংস্কারের কাজ শুরু হয়ে গেছে।

স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। উপমন্ত্রী জানান, মেরামত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং আগামী ১০ দিনের মধ্যেই লাওয়ান তেল শোধনাগারের একটি অংশ পুনরায় চালু করা সম্ভব হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত অন্যান্য ইউনিটগুলোর কাজ শেষে সেগুলোও পর্যায়ক্রমে দ্রুত উৎপাদনে ফেরানো হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

সূত্র: আল জাজিরা

/এমএকে/