শিরোনাম

নতুনের আবাহন: কাপ্তাই হ্রদে ভাসলো বিজুর ফুল

রাঙ্গামাটি-সংবাদদাতা
নতুনের আবাহন: কাপ্তাই হ্রদে ভাসলো বিজুর ফুল
ছবি: সংগৃহীত

পাহাড়ে উৎসবের আমেজ। পুরোনো বছরের সব দুঃখ, জরা আর গ্লানিকে হ্রদের জলে বিসর্জন দিয়ে নতুন ভোরের প্রত্যাশায় মাতোয়ারা পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা।

রবিবার (১২ এপ্রিল) রাঙ্গামাটি শহরের রাজবাড়ি, গর্জনতলী, কেরানী পাহাড়সহ পাড়ায় পাড়ায় বর্ষ বিদায়ের অনুষ্ঠান উদযাপনকে কেন্দ্র করে হ্রদে ফুল ভাসানো হয়।

চাকমা জনগোষ্ঠীর কাছে এটি ‘ফুল বিজু’, ত্রিপুরাদের কাছে ‘হাঁড়িবসু’ আর মারমা সম্প্রদায়ের কাছে ‘সূচিকাজ’ নামে পরিচিত।

উৎসবের প্রথম দিনটি মূলত প্রকৃতি ও জলের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। ফুল ভাসাতে আসা মিত্র চাকমা গণমাধ্যমকে বলেন, আমরা একে ফুল নিবেদন বলি। জল বা পানির প্রতি কৃতজ্ঞতা জানাতেই গঙ্গাদেবী ও জলবুদ্ধের কাছে এই প্রার্থনা। আমাদের চাওয়া, সারা বছর যেন সবাই ভালো থাকে।

সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নানা বয়সী পাহাড়িরা ফুল নিয়ে আসতে শুরু করেন বিভিন্ন ঘাটে। ২৯ চৈত্রের খুব ভোরে ‘মা গঙ্গা’র উদ্দেশে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয় মূল আয়োজন। উৎসবে নারীরা বাহারি রঙের পিনোন হাদি পরেন আর ছেলেরা ধুতি, পাঞ্জাবি বা ফতুয়া পরে কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসানোর উৎসবে মেতে ওঠেন।

/এসআর/