শিরোনাম

পহেলা বৈশাখে রাজধানীতে ‘কোক স্টুডিও বাংলা’র কনসার্ট

নিজস্ব প্রতিবেদক
পহেলা বৈশাখে রাজধানীতে ‘কোক স্টুডিও বাংলা’র কনসার্ট
পহেলা বৈশাখে গানে গানে দর্শক মাতাবেন শিল্পীরা। ছবি: সংগৃহীত

পুরোনোকে ফেলে বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাঙালির জীবনে এক অনন্য উৎসব, বাংলা নববর্ষের প্রথম দিনটিকে ঘিরে থাকে আনন্দ, রঙ, গান আর ঐতিহ্যের ছোঁয়া। এবারের উৎসবে নতুন মাত্রা যোগ করতে প্রস্তুতি নিচ্ছে দেশের সংগীতাঙ্গন। নতুন বছরকে স্বাগত জানাতে ঢাকার বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে জমকালো কনসার্ট।

এবারের বৈশাখী সঙ্গীতায়জনে বড় চমক নিয়ে আসছে জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’। আগামীকাল (১৪ এপ্রিল) বিকেল ৩টা থেকে রাজধানীর ১০০ ফিট মাদানি এভিনিউয়ের ‘কোর্টসাইড’-এ বসতে যাচ্ছে কনসার্ট।

রবিবার (১২ এপ্রিল) কোক স্টুডিও বাংলার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে। কনসার্টে আসন্ন শিল্পীদের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কোক স্টুডিও বাংলার গানের সুরে মেতে উঠো এই বৈশাখে! ঢাক ঢোলের তালে সবাই মিলে চলে এসো কোর্টসাইডে।’

জানা গেছে, কনসার্টটি দেখতে হলে টিকিটের মাধ্যমে ভেন্যুতে প্রবেশ করতে হবে। তিনটি ক্যাটেগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যার মূল্য ২০০ থেকে ৮৫০ টাকার মধ্যে। তবে ভেন্যুতে কনসার্ট উপভোগ করতে হলে দুই ক্যাটেগরির টিকিট নিতে হবে। এই দুই ক্যাটাগরির একটির দাম ৮০০, অন্য একটির দাম ৮৫০।

/জেএইচ/