শিরোনাম

যুদ্ধবিরতি যেকোনো সময় শেষ হতে পারে: নেতানিয়াহু

সিটিজেন ডেস্ক
যুদ্ধবিরতি যেকোনো সময় শেষ হতে পারে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে নেতানিয়াহু বলেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্র যে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে, তাতে ইসরায়েল সমর্থন জানায়। একইসঙ্গে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অটুট রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নেতানিয়াহু জানান, গত শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনার বিষয়ে তাকে অবহিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

নেতানিয়াহু বলেন, আলোচনায় শর্ত ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ করবে এবং এর বিপরীতে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। কিন্তু ইরান তা না করায় তারা শর্ত ভঙ্গ করেছে, যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য ছিলো না।

তিনি আরও জানান, বৈঠকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নিতে হবে এবং দীর্ঘ সময়ের জন্য ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে হবে। বিষয়টি ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এসএ/