শিরোনাম

বিয়ের ছবি ফাঁস হওয়ায় রামশা খানের ক্ষোভ

সিটিজেন ডেস্ক
বিয়ের ছবি ফাঁস হওয়ায় রামশা খানের ক্ষোভ
অভিনেত্রী রামশা খান। ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের ঘোষণা দিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী রামশা খান। অভিনেতা খুশাল খানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বার্তার মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন রামশা। গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কিছু ইনফ্লুয়েন্সার আনুষ্ঠানিক ঘোষণার আগেই এ বিয়ের দাবি তোলেন। পরে ইন্টারনেটে তাদের নিকাহর একটি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

তবে বিয়ের খবর নিশ্চিত করলেও ব্যক্তিগত ছবি ফাঁসের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানান, তাদের অনুমতি ছাড়াই ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করা হয়েছে, যা তিনি অনৈতিক বলে মনে করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে রামশা খান ও  খুশাল খানের নিকাহর ছবি। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে রামশা খান ও খুশাল খানের নিকাহর ছবি। ছবি: সংগৃহীত

রামশা বলেন, ব্যক্তিগত মুহূর্তকে ‘কন্টেন্ট’ হিসেবে ব্যবহার করে অনলাইনে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা একেবারেই অনুচিত। তিনি সবসময় নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জীবনের এই নতুন সূচনায় তিনি আশা করেন, ছড়িয়ে পড়া ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হবে এবং কেউ যেন সেগুলো পুনরায় শেয়ার না করেন।

সংবাদমাধ্যমের প্রতিও অনুরোধ জানিয়ে রামশা খান বলেন, এটি তার একান্ত ব্যক্তিগত বিষয়, যা শিরোনাম হওয়ার মতো নয়। নিজের ও পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান দেখাতে ভক্ত ও অনুসারীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিয়ের বিস্তারিত তথ্য সময় হলে নিজেই শেয়ার করবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

/এসএ/