শিরোনাম

ইরানের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
ইরানের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র
ইরানের হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কার।

হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই ভারত মহাসাগরে ইরান-সংশ্লিষ্ট ‘ম্যাজেস্টিক এক্স’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার নিয়ম অমান্য করে ইরানি অপরিশোধিত তেল চোরাচালানের দায়ে ২০২৪ সালে মার্কিন ট্রেজারি বিভাগ গায়ানার পতাকাবাহী এই জাহাজটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ট্যাঙ্কারটি চীনের ঝৌশানের দিকে যাচ্ছিল। জাহাজটি শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার মাঝামাঝি এলাকায় ছিল, যা এর আগে মার্কিন বাহিনীর জব্দ করা ‘টিফানি’ ট্যাংকারের অবস্থানের কাছাকাছি।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানায়, ইরানকে বস্তুগত সহায়তা দেওয়া এবং অবৈধ নেটওয়ার্ক ব্যাহত করতে তারা বিশ্বজুড়ে সামুদ্রিক আইন প্রয়োগ অব্যাহত রাখবে।

জাহাজ জব্দের একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, যেখানে জাহাজের ডেকে মার্কিন সেনাদের উপস্থিতিও দেখা গেছে।

এর আগে বুধবার (২২ এপ্রিল) হরমুজ প্রণালিতে ইরান তিনটি কার্গো জাহাজে হামলা চালিয়ে দুটির নিয়ন্ত্রণ নেয়।

যুদ্ধ শুরুর পর থেকে পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে ৩০টিরও বেশি জাহাজ হামলার শিকার হয়েছে। হামলার ভয় ও বিমার প্রিমিয়াম বেড়ে যাওয়ায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে।

/টিই/