শিরোনাম

নেতানিয়াহুর সামরিক সচিবই হচ্ছেন পরবর্তী মোসাদ প্রধান

সিটিজেন ডেস্ক
নেতানিয়াহুর সামরিক সচিবই হচ্ছেন পরবর্তী মোসাদ প্রধান
ছবি: সংগৃহীত

ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী নির্বাহী প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ প্রস্তাবের অনুমোদন প্রদান করেন।

বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার ৫ বছরের নির্ধারিত মেয়াদ আগামী ২ জুন শেষ হতে যাচ্ছে এবং সেদিনই তার স্থলাভিষিক্ত হবেন গফম্যান। উল্লেখ্য, মোসাদ বিশ্বজুড়ে অন্যতম পেশাদার, দক্ষ ও দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে সুপরিচিত, যার প্রভাব ইসরায়েলের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে অত্যন্ত গভীর।

তবে বিস্ময়কর বিষয় হলো, নবনিযুক্ত প্রধানের অতীতে কোনো উল্লেখযোগ্য গোয়েন্দা অভিজ্ঞতা বা এ সংক্রান্ত কোনো তৎপরতায় যুক্ত থাকার রেকর্ড নেই। এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, গত ডিসেম্বরেই গফম্যানকে এ পদের জন্য অনানুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল। ১৯৭৬ সালে বেলারুশে জন্ম নেওয়া রোমান গফম্যান ১৯৯০ সালে সপরিবারে ইসরায়েলে অভিবাসী হিসেবে আসেন। ১৯৯৫ সালে তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আর্মোরড কোর বিভাগে যোগদানের মাধ্যমে দীর্ঘ সামরিক ক্যারিয়ার শুরু করেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় গফম্যান আইডিএফের পদাতিক বিভগের প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। ওই দিন হামাসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নিয়ে তিনি গুরুতর আহত হন। সুস্থ হয়ে ওঠার পর ২০২৪ সালে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে সামরিক সচিব হিসেবে যোগ দেন। মোসাদের প্রধান হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার আগ পর্যন্ত তিনি নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবেই দায়িত্ব পালন করে আসছিলেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এমএকে/