শিরোনাম

পহেলা বৈশাখে যেসব জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
পহেলা বৈশাখে যেসব জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ
তারেক রহমান। ছবি: পিএমও

বাংলা নববর্ষের দিন দেশের ১০ জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি চালু হতে যাচ্ছে। আগামী ১৪ এপ্রিল এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ভাষ্য, কৃষি সহায়তা আরও সহজ, সরাসরি এবং ডিজিটাল করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ।

নতুন এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ভর্তুকি, ঋণ এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ পাওয়ার ক্ষেত্রে কৃষকদের আর আগের মতো জটিলতা পোহাতে হবে না বলেই মনে করছে সংশ্লিষ্টরা।

সরকারের লক্ষ্য হলো কৃষি সহায়তা ব্যবস্থাকে আরও আধুনিক করা, পাশাপাশি মধ্যস্বত্বভোগীর প্রভাব কমিয়ে কৃষকদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া। একই সঙ্গে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দিকটিও এই উদ্যোগের বড় লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এই কর্মসূচি বাস্তবায়ন করবে। শুরুতে সীমিত পরিসরে ১০ জেলায় পরীক্ষামূলকভাবে চালু হলেও, এ উদ্যোগের ফল দেখে পরে আরও বিস্তৃত করার সুযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত কৃষকদের গড়ে ২ হাজার ৫০০ টাকা সমমূল্যের সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এই সহায়তা কখনও সরাসরি ভর্তুকি, আবার কখনও কৃষি উপকরণ আকারে দেওয়া হতে পারে।

উদ্বোধনী দিনে পঞ্চগড়, বগুড়া, ঝিনাইদহ, পিরোজপুর, কক্সবাজার, কুমিল্লা, টাঙ্গাইল, রাজবাড়ী, মৌলভীবাজার ও জামালপুরে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, কার্ডভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে প্রকৃত কৃষককে চিহ্নিত করা সহজ হবে। এতে কার্ড বিতরণে স্বচ্ছতা বাড়বে ও অনিয়ম কমবে। এ ছাড়া এ পদ্ধতিতে মানুষ সরাসরি সরকারি সহায়তা পাবে।

/বিবি/