শিরোনাম

সায়েদাবাদে অবৈধ ১০০ বাস কাউন্টার সিলগালা

নিজস্ব প্রতিবেদক
সায়েদাবাদে অবৈধ ১০০ বাস কাউন্টার সিলগালা
সিলগালা করা হচ্ছে রাজধানীর একটি বাস কাউন্টার। ছবি: সংগৃহীত

রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এবং যানজট নিরসনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) সায়দাবাদ বাস টার্মিনাল এবং গুলিস্তানের জিপিও লিংক রোড এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ১০০ অবৈধ কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকার ফুটপাত দখল করে গড়ে ওঠা দীর্ঘদিনের অবৈধ স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।

গেল ১০ মার্চ নগর ভবনে ডিএসসিসি, ডিএমপি এবং পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় সায়েদাবাদ টার্মিনালের বাইরের সব অবৈধ কাউন্টার উচ্ছেদ এবং টার্মিনালের ভেতরে সুশৃঙ্খলভাবে কাউন্টার বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অভিযান সেই সিদ্ধান্তের সফল বাস্তবায়ন।

অন্য এক অভিযানে বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের উভয় পাশের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে ডিএসসিসি’র পক্ষ থেকে একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএসসিসি’র আওতাধীন সকল শপিংমল ও মার্কেটের সামনের ফুটপাতে কোনো প্রকার মালামাল রাখা যাবে না। দখলদারদের নিজ উদ্যোগে অবিলম্বে সকল মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলসহ বিদ্যমান আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বার্থে ডিএসসিসি’র এই উচ্ছেদ ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/টিই/