শিরোনাম

চরম অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি

সিটিজেন ডেস্ক
চরম অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি
প্রতীকী ছবি। সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার ভঙ্গুর যুদ্ধবিরতি বর্তমানে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার জেরে ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ কমান্ডাররা পাল্টা হামলার জন্য জোরালো চাপ দিচ্ছেন। এই চাপের ফলে যেকোন মুহূর্তে ভেঙে যেতে পারে বর্তমান স্থিতিবস্থা।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ এসলামি জানান, আলোচনা চলাকালীন লেবাননের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে ইরানি মধ্যস্থতাকারীরা এখন প্রচণ্ড চাপের মুখে রয়েছেন। এসলামির মতে, ইরানের জন্য পুরো বিষয়টি একটি অত্যন্ত জটিল কৌশলগত হিসাব-নিকাশ। তিনি প্রশ্ন তুলেছেন, একটি সমঝোতা চলাকালীন যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লেবাননে হামলা থেকে বিরত রাখতে না পারে, তবে দীর্ঘমেয়াদী চুক্তির পর তারা যে সরাসরি ইরানে হামলা করবে না, তার গ্যারান্টি কোথায়? মূলত এই আস্থাহীনতাই ইসলামাবাদে আসন্ন আলোচনার গতিপথ নির্ধারণ করছে।

এদিকে ইরান দাবি করছে, বর্তমান যুদ্ধবিরতির প্রস্তাবটি তেহরানের পক্ষ থেকেই এসেছিল এবং বিশ্ব পরিস্থিতির চাপে যুক্তরাষ্ট্র তা গ্রহণ করতে বাধ্য হয়েছে। তেহরানের জানিয়েছে, আলোচনা ব্যর্থ হলে তাদের হাতে আরও ৩ মাস পুরোদমে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ইরান তাদের সবচেয়ে শক্তিশালী ট্রাম্পকার্ড হিসেবে দেখছে।

বিশ্লেষকদের মতে, এ গুরুত্বপূর্ণ জলপথ অবরুদ্ধ হয়ে বিশ্ব জ্বালানি ও অর্থবাজার ধসে পড়ার উপক্রম হওয়াতেই ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত আলোচনায় বসতে বাধ্য হয়েছে। ফলে সমঝোতার টেবিলে ইরান নিজেদের শর্তে অনড় থাকবে, তা স্পষ্ট। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন এক সুতোর ওপর ঝুলে আছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/