শিরোনাম

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক
এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল
মনিরা শারমিন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে বুধবার এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান।

জানা গেছে, মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছিলেন এনসিপির এই নেত্রী। তবে কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তার তথ্য না থাকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর পর্যন্ত বাছাই কার্যক্রম স্থগিত করা হয়।

মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে চাকরিতে যোগদান করেন। তবে ২০২৫ সালে রাজনীতিতে নাম লিখিয়ে চাকরি থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গণপ্রতিনিধি আদেশ অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের তিন বছর সময় পার না হলে সংসদ সদস্য পদে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবেন। সংরক্ষিত নারী আসনেও নির্বাচন করতে পারবেন না।

/জেএইচ/