শিরোনাম

২০ ইনিংস পর শান্তর স্বস্তির সেঞ্চুরি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
২০ ইনিংস পর শান্তর স্বস্তির সেঞ্চুরি
সেঞ্চুরি করেছেন শান্ত। ছবি: সংগৃহীত

২০ ইনিংস আর ২৫ মাস, নাজমুল হোসেন শান্তর অপেক্ষা ছিল এতটাই লম্বা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অপেক্ষা শেষ হলো সেঞ্চুরির মধ্য দিয়ে। দৌড়ে এক রান নিয়ে ৯৯ থেকে সেঞ্চুরিতে পৌঁছান নাজমুল। ক্রিজের সাদা দাগটা ছুয়ে তাকালেন আকাশে, হেলমেট খুললেন, সেঞ্চুরি করলে তার চিরচেনা উদযাপন- ব্যাটে চুমু খেয়ে ড্রেসিংরুমের দিকে বাড়িয়ে দেওয়া।

নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় থাকা সিরিজে তৃতীয় ম্যাচটা বলতে গেলে ফাইনাল। বাংলাদেশের জন্য সিরিজ জয়টা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থেকে বিশ্বকাপ খেলার চ্যালেঞ্জের কারণে।

দলীয় ৩২ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে জুটিতে ইনিংসটা টেনে নিয়ে গেছেন শান্ত। শেষ পর্যন্ত ১১৯ বলে ১০৫ রান করেন শান্ত। তার ইনিংসে ছিল ৯ চার ও ২ ছক্কা।

সেঞ্চুরিতে পৌঁছে একটা চক্রও পূরণ হয়েছে নাজমুলের। ২০২৪ সালের মার্চে এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে ছিল তার সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরি। এবার একই মাঠে তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেলেন। এটি শান্তর চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি।

ওয়ানডেতে অধিনায়ক হিসেবে নাজমুলের ব্যাটিং গড় ছিল ৫১.২৭। তবে নেতৃত্ব ছাড়ার পরই যেন ব্যাটের ছন্দটাও হারিয়ে ফেলেন। এই ম্যাচের আগে ওয়ানডেতে ১৪ ইনিংসে তার ফিফটি ছিল মাত্র একটি, ব্যাটিং গড় নেমে এসেছিল ১৮.৭৬-এ। তাতে দুশ্চিন্তা বাড়ছিল দলেরও। আগের ম্যাচে ফিফটি পাওয়ার পর তা কিছুটা কমেছিল। এবার সেঞ্চুরিতে ফিরলো স্বস্তি।

/টিই/

বিষয়:

ক্রিকেট